গাজীপুরে দুর্বৃত্তের হামলায় কলেজছাত্র খুন, মা আহত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার সকালে দুর্বৃত্তের গুলিতে ও ধারালো অস্ত্রের আঘাতে এক কলেজছাত্র খুন হয়েছেন। এ সময় তাঁর মা গুরুতর আহত হয়েছেন
নিহত ছাত্র হলেন কালীগঞ্জের নাগরী ইউনিয়নের কালীকোটি গ্রামের ঠিকাদার মো. নবী হোসেনের ছেলে মো. নয়ন মিয়া (২২)। তিনি ঢাকার তিতুমীর সরকারি কলেজের স্নাতক (পাস কোর্সের) প্রথম বর্ষের ছাত্র। তাঁর মা ইয়াসমিন (৪৩) ঢাকা এপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহত নয়নের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নবী হোসেন ছেলে নয়ন মিয়ার সঙ্গে সকালের নাশতা খেয়ে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর নবী হোসেনের কাছে খবর আসে, স্থানীয় ইমান আলী ও সালাউদ্দিনের নেতৃত্বে ১৪-১৫ জন সশস্ত্র লোক তাঁর বাড়িতে গিয়ে ছেলে নয়নকে ও রান্নাঘরে থাকা স্ত্রীকে রামদা-চাপাতি দিয়ে কোপায় এবং গুলি করে। একপর্যায়ে আহতাবস্থায় নয়ন দৌড়ে পাশের নিকটাত্মীয় শহিদুল্লাহর বাড়ি গিয়ে ওঠে। সন্ত্রাসীরা নয়নের পিছু নিয়ে ওই বাড়িতে গিয়ে মাথায় দুটি গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী দুজনকে উদ্ধার করে ঢাকার এপোলো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। তাঁর মা ওই হাসপাতালে চিকিৎসাধীন। নয়নের মায়ের শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।
নিহত নয়নের বাবা নবী হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারীকুটি এলাকায় তাঁর শ্বশুরের দেওয়া জায়গায় বাড়ি করে তাঁরা সপরিবারে বসবাস করছেন। ছয়-সাত মাস আগে তাঁর চাচাতো শ্বশুরের ছেলে ইমান আলী তাঁদের ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়েছিলেন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিস করে মীমাংসাও করে দিয়েছিলেন। কিন্তু তার পরও গতকাল বুধবার ইমান আলী ও তাঁর লোকজন তাঁর স্ত্রী-সন্তানের ওপর হামলা চালায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। এ ঘটনায় কেউ আটক হয়নি।