গাজীপুরে দোকান থেকে ২২০ বস্তা চাল লুট
গাজীপুরের বানিয়ারচালা গ্রামের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড বাজারে গত রোববার একটি দোকানের ২২০ বস্তা চাল লুট হয়েছে। লুট হওয়া চালের মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
এ ঘটনায় পুলিশ বাজারের তিনজন নিরাপত্তাকর্মীকে আটক করেছে। ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা গেছে, বানিয়ারচালা গ্রামের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ড বাজারে সবিনয় পোল্ট্রি ফিড অ্যান্ড রাইস এজেন্সির মালিক সাহাব উদ্দিন শেখ রোববার দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বাজারের অন্য ব্যবসায়ীরা ভোরে দোকানের শাটার খোলা দেখতে পেয়ে মালিককে খবর দেন। তিনি এসে দেখেন তাঁর দোকানের ২২০ বস্তা চাল লুট হয়ে গেছে। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় পুলিশ নিরাপত্তাকর্মীদের আটক করে।
আটককৃতরা জানান, ওই দিন রাতে ১৫ থেকে ১৬ জন দুর্বৃত্ত ট্রাক নিয়ে ওই বাজারে হানা দেয়। তাঁরা নিরাপত্তাকর্মীদের অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। পরে তারা দোকানের তালা কেটে চাল ট্রাকে তুলে নিয়ে চলে যায়।