গাজীপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর ধনঞ্জয়খালী এলাকায় জমিতে ধান কাটা নিয়ে আজ বুধবার সকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মো. গফুর মিয়া (৫৫) নামের একজন নিহত হন। উভয় পক্ষের কমপক্ষে ছয়জন আহত হয়েছেন।

নিহত গফুর কাশিমপুর ধনঞ্জয়খালীর বাসিন্দা।

জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টার দিকে গফুর মিয়া বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যান। এ সময় তাঁর প্রতিপক্ষ রহিজ মিয়ার লোকজন লাঠিসোঁটা নিয়ে ধান কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত সাতজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গফুর মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, গফুরের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।