গাজীপুরে নারীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ঝাঝর এলাকায় হামিদা খাতুন (৬০) নামের এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির গোসলখানা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।

হামিদা খাতুনের স্বামীর নাম মৃত রুহুল আমিন। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হামিদা খাতুনের মেয়ে পারুল আক্তার গাজীপুরের মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। পারিবারিক কলহের জেরে পাঁচ-ছয় মাস আগে পারুলকে তাঁর স্বামী রফিকুল ইসলাম তালাক দেন। এরপর থেকে পারুল মায়ের বাড়িতে বসবাস করছিলেন। গতকাল ফজরের নামাজের জন্য হামিদা অজু করতে বাড়ির পাশের গোসলখানায় যান। এ সময় ওত পেতে থাকা দুর্বৃত্তরা গলা কেটে হামিদাকে হত্যা করে পালিয়ে যায়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। সকালে পারুল গোসলখানায় গিয়ে মায়ের গলাকাটা লাশ দেখে চিৎকার শুরু করেন। পরে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

পারুল আক্তার বলেন, নির্যাতনের কারণে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে বাবার বাড়িতে চলে আসেন তিনি। সাবেক স্বামী ক্ষিপ্ত হয়ে তাঁর মাকে হত্যা করেছেন।

জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) পরিমল বিশ্বাস বলেন, লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।