গাজীপুরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের পেছনে একটি ছয়তলা বাড়ি থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ২৫-২৬ বছর। তাঁর পরনে ছিল খয়েরি রঙের প্রিন্টের সালোয়ার-কামিজ।
পুলিশ সূত্র জানায়, দুই-তিন মাস আগে এক যুবক চান্দনা চৌরাস্তা এলাকার বর্ষা সিনেমা হলের পেছনে হাজি আমির আলীর বাড়ির ছয়তলায় একটি কক্ষ ভাড়া নেন। গত সোমবার রাতে ওই যুবক এক নারী ও এক যুবককে তাঁর কক্ষে নিয়ে আসেন। পরদিন সকালে কক্ষটি তালাবদ্ধ দেখা যায়। গতকাল সকালে ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে অন্য ভাড়াটিয়ারা পুলিশকে জানান। পুলিশ বেলা ১১টার দিকে কক্ষের তালা ভেঙে ভেতরে ঢুকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করে। লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন জানান, এ ব্যাপারে জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।