গাজীপুরে নিখোঁজ পোশাকশ্রমিককে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকা থেকে দুই দিন পর নিখোঁজ পোশাকশ্রমিক মেহেদী হাসানের (২৫) সন্ধান পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার ভোররাতে শহরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ।
এদিকে তাঁর নিখোঁজ হওয়ার খবরে মাল্টিফ্যাব লিমিটেড কারখানার শ্রমিকেরা তাঁর সন্ধানের দাবিতে গত সোমবার ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর করেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী গত শনিবার বিকেলে নিখোঁজ হন। ওই ঘটনায় জয়দেবপুর থানায় শনিবার একটি সাধারণ ডায়েরি হয়। পরে তাঁর পরিবারের লোকজনকে নিয়ে তাঁর খোঁজে অভিযান শুরু করে পুলিশ।
মেহেদী শনিবার সন্ধ্যায় সদরের মাস্টারবাড়ী এলাকায় মানিক মিয়া নামের এক বন্ধুর বাসায় যান। পরে সোমবার রাতে সেখান থেকে কোনাবাড়ী যাওয়ার উদ্দেশে বের হন। গতকাল ভোররাত চারটার দিকে চান্দনা চৌরাস্তায় নেমে কোনাবাড়ী লেগুনা স্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে থাকা তাঁর স্বজনেরা মেহেদীকে দেখতে পান। পরে তাঁকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ
করা হয়।
মেহেদীর মামা আমিরুল ইসলাম জানান, মেহেদীকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে।
জানতে চাইলে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, মেহেদীর সন্ধান পাওয়ায় বুধবার থেকে কারখানা খুলে দেওয়ার কথা জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।