গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের ছয় মাস পর সাখাওয়াত হোসেন (৩০) নামের এক যুবকের বস্তাবন্দী লাশ গতকাল সোমবার সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এদিকে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের নিখোঁজ ছাত্র আতিকুর রহমানের (১৭) রক্তাক্ত লাশ গত রোববার উদ্ধার করা হয়েছে কীর্তনখোলা নদী থেকে। আতিকুর কম্পিউটার বিভাগের চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিল।
পুলিশ ও পারিবারিক সূত্র বলেছে, সাখাওয়াত স্ত্রী-সন্তানসহ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী গ্রামে থাকতেন। তিনি মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গত বছরের ১৬ নভেম্বর রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। পরদিন জাঙ্গালিয়ার গাদাইয়া গ্রামে তাঁর মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। অনেক খুঁজেও সাখাওয়াতের সন্ধান না পেয়ে ১৮ নভেম্বর তাঁর স্ত্রী আয়শা কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ১৯ নভেম্বর সন্দেহভাজন হিসেবে পুলিশ সাখাওয়াতের বন্ধু দক্ষিণবাগ গ্রামের মো. হুমায়ুন ও কাইয়ুম মিয়াকে আটক করে। তবে পরদিন তাঁদের ছেড়ে দেওয়া হয়।
গতকাল গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে হুমায়ুনের বাড়ির পূর্ব পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে বস্তাবন্দী একটি গলিত লাশ উদ্ধার করে। পরে সাখাওয়াতের স্বজনেরা জামাকাপড় দেখে লাশটি সাখাওয়াতের বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলম চাঁদ বলেন, সাখাওয়াত ও হুমায়ুন বন্ধু ছিলেন। তাঁরাসহ কয়েকজন এলাকায় মাদক ব্যবসা করতেন। মাদক ব্যবসার বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুমায়ুন পলাতক থাকায় তাঁর মা-বাবা এবং মামা-মামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
এদিকে রোববার রাত নয়টার দিকে বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আবদুর রব সেরনিয়াবত সেতুর নিরাপত্তা পিলারের ওপর থেকে রক্তাক্ত অবস্থায় আতিকুরের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন অনুযায়ী, আতিকুরের দুই পায়ের পাতা ও পিঠে জখম ছিল। ডান হাত ভাঙা এবং ঘাড়ও বাঁকানো। শরীরের বিভিন্ন স্থানেও জখম রয়েছে।
গতকাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক সাগর রায় বলেন, জখমের ধরন দেখে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যা।
আতিকুরের বড় ভাই রবিউল ইসলাম বলেন, তাঁদের বাসা বরিশাল সদরের কাউনিয়া বাঁশের হাট এলাকায়। শনিবার বেলা ১১টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্দেশে বাসা থেকে বের হয় আতিকুর। দুপুরে তার মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও সে ধরেনি। বিকেল চারটার দিকে ওই মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতেও বাসায় না ফেরায় রোববার সকালে কাউনিয়া থানায় জিডি করা হয়। রোববার রাতে তাঁরা জানতে পারেন, শহীদ আবদুর রব সেরনিয়াবাত সেতু এলাকায় একটি লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে তাঁরা আতিকুরের লাশ পান। কোতোয়ালি মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
রবিউল বলেন, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।