
গাজীপুরে গত রোববার রাতে র্যাবের অভিযানে নিহত দুই ব্যক্তির পরিচয় এখনো মেলেনি। আগের দিন চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এঁদের জিজ্ঞাসাবাদ করতে ১০ সদস্যের একটি দল গঠন করে চট্টগ্রাম মহানগর পুলিশ।
পুলিশ জানায়, এই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ভোরে হাটহাজারীতে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। সেখান থেকে
অস্ত্র-গুলি, বিস্ফোরক, সেনাবাহিনীর পোশাকসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার ঢাকার মিরপুরে জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তাঁরা জানিয়েছেন, মিরপুরের ওই আস্তানা থেকে চারটি গ্রেনেড উত্তরবঙ্গের একটি জেলায় পাঠানো হয়েছে। ওই আস্তানায় মোট ৩০টি গ্রেনেড তৈরি করা হয়েছিল। এর মধ্যে ১৬টি গত বৃহস্পতিবার ওই আস্তানা থেকে উদ্ধার করা হয়। পাঁচটি ব্যবহার করা হয় ২৩ অক্টোবর রাতে পুরান ঢাকার হোসেনি দালানে হামলায়। তারপর পাঁচটি উদ্ধার করা হয়েছিল কামরাঙ্গীরচরে জঙ্গিদের আরেকটি আস্তানা থেকে।
গত চার দিনে ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে সন্ধান পাওয়া এই তিনটি জঙ্গি আস্তানাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বলে জানিয়েছে পুলিশ ও র্যাব।
গাজীপুর: জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান গতকাল প্রথম আলোকে বলেন, রোববার রাতে গাজীপুরের দক্ষিণ যোগীতলায় র্যাবের অভিযানে নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তাঁদের লাশ মর্গে রাখা হয়েছে।
যদিও রোববার রাতে গাজীপুর জেলা পুলিশ ধারণা করছিল, নিহত দুজন ওই দিন দুপুরে কারামুক্ত দুই জঙ্গি, যাঁদের কাশিমপুর কারাগারের ফটক থেকে র্যাব আটক করেছিল। তবে ওই দুজনকে পরে র্যাব ছেড়ে দিয়েছে। তাঁরা হলেন বগুড়ার মিনহাজুল ইসলাম ও গাজীপুরের মাহবুব আলম। এর মধ্যে মাহবুবের সঙ্গে সরাসরি ও মিনহাজের বোনের সঙ্গে মুঠোফোনে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
রোববার রাতে যেখানে র্যাব অভিযান চালিয়েছিল, সেটা ঢাকা বাইপাস সড়কের গাজীপুরের ভোগড়া থেকে প্রায় দুই কিলোমিটার দূরে যোগীতলা গ্রামে। গতকাল সেখানে গিয়ে দেখা যায়, যোগীতলা বায়তুন নূর জামে মসজিদের দক্ষিণ পাশে রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির ২৬ শতাংশ জমির পূর্ব-উত্তর কোনায় ইট দিয়ে তৈরি একটি অর্ধসমাপ্ত ঘর। পরিত্যক্ত ঘরটির মেঝেতে একজোড়া স্যান্ডেল, ছোপ ছোপ রক্ত।
এলাকাবাসী জানান, ওই ঘর থেকেই রোববার রাতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। এর আগে পুরো এলাকা আলোকিত করে তল্লাশি অভিযান চালায় র্যাব। ভিড় জমিয়েছিলেন গণমাধ্যমকর্মীরাও।
স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, রোববার রাত আনুমানিক ১১টার দিকে হঠাৎ বিকট একটি শব্দ শুনতে পান। তারপর পাঁচ-ছয়টি গুলির শব্দ। পরে বাইরে এসে র্যাবের অভিযানের কথা জানতে পারেন।
ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন, ঢাকা বাইপাস সড়কে এক মাস আগে প্রায়ই ডাকাতির ঘটনা ঘটত। ডাকাতেরা পরিত্যক্ত ওই ঘরটিতে লুকিয়ে থাকতে পারে আশঙ্কা করে এলাকাবাসী ঘরটির জানালার খোপ ভেঙে আরও বড় করে দিয়েছে, যাতে রাতে দূর থেকে টর্চলাইট দিয়ে ঘরটির ভেতর দেখা যায়।
অবশ্য রোববার রাতে ঘটনাস্থলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান উপস্থিত সাংবাদিকদের বলেন, ওই ঘরটি জেএমবির আস্তানা ছিল। নিহতরা জেএমবির সদস্য। সেখান থেকে চারটি অবিস্ফোরিত গ্রেনেড, বেশ কিছু বিস্ফোরকসহ গ্রেনেড তৈরির উপকরণ, পাঁচটি গুলিসহ একটি পিস্তল, জেএমবির প্রচারপত্র ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পরিত্যক্ত ওই ঘরটিতে জঙ্গিরা সভা করে নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা সেখানে অভিযান চালান। ঘরটির ভেতর থেকে জঙ্গিরা র্যাবকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। পরে র্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম: চট্টগ্রামে গ্রেপ্তার তিনজনকে গতকাল বিকেলে সন্ত্রাস দমন আইনে করা কর্ণফুলী থানার একটি মামলায় আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে ডিবি। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই তিনজন—নাইমুর রহমান, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় স্নাতকোত্তরের ছাত্র। পুলিশ বলছে, তিনজনই জেএমবির সদস্য।
এই তিনজনকে গতকাল আদালতে হাজির করা হয়। আদালতের বারান্দায় তাঁদের সঙ্গে কথা হয়। এ সময় তাঁরা প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁরা জেএমবির সঙ্গে যুক্ত নন। জেএমবির চট্টগ্রাম অঞ্চলের প্রধান ফারদিনকে চিনতেন নোমান নামে। নোমান জেএমবির নেতা, সেটা তারা জানতেন না। তাঁরা বলেন, নোমান (ফারদিন) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাঁদের সঙ্গে পদার্থবিদ্যায় পড়তেন। তাঁর পুরো নাম রাইসুল ইসলাম খান রানা, বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়ায়।
এই তিনজনের মধ্যে একজন শওকত রাসেল বলেন, তিনি হাটহাজারীর আমানবাজারে নোমানের ভাড়া করা ওই বাসায় প্রথম যান ছয় মাস আগে। দ্বিতীয়বার যান ২৪ সেপ্টেম্বর। তাঁর দাবি, ‘ওই দিন নোমান ফোন করে বলেছিল, সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তার জন্য কিছু ব্যান্ডেজ ও ওষুধ নিয়ে যেতে। সেদিন ওষুধ নিয়ে গিয়েছিলাম।’
যদিও পুলিশ বলছে, তহবিল সংগ্রহের জন্য জেএমবির একটি দল চট্টগ্রাম শহরে ছিনতাই করতে গিয়ে নিজেদের বোমায় আহত হন ফারদিন। ওই ঘটনায় তাঁদের দুজন মারা যান। ওই মামলার তদন্ত করতে গিয়ে ফারদিনের এই তিন সহযোগীকে আটক করে হাটহাজারীর জঙ্গি আস্তানার সন্ধান পায় চট্টগ্রামের ডিবি।
শওকত রাসেলসহ গ্রেপ্তার তিনজন গতকাল প্রথম আলোকে আরও বলেন, তাঁরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৮-০৯ শিক্ষাবর্ষে ভর্তি হন। একই বছর নোমানও (ফারদিন) ভর্তি হন। সেই সূত্রে তাঁদের পরিচয়। ভর্তি হওয়ার পর চারজন একসঙ্গে থাকতেন। তাঁরা চট্টগ্রাম শহরের একটি মেসে উঠেছিলেন। নোমান স্নাতক প্রথম বর্ষের পরীক্ষায় পাস করেননি। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করেন। দ্বিতীয় বর্ষে আবার অকৃতকার্য হন। পরে লেখাপড়া ছেড়ে দেন।
রাসেল দাবি করেন, নোমানের একটি মোটরসাইকেল ছিল। মাঝেমধ্যে ফোন করতেন। বলতেন, বান্দরবানে ব্যবসা করেন।
আর নাইমুর রহমান ও ফয়সাল মাহমুদ দাবি করেন, নোমান (ফারদিন) লেখাপড়া বন্ধ করে ব্যবসা করতেন বলে তাঁরা জানতেন। এরপর তাঁর সঙ্গে তাঁদের কোনো যোগাযোগ ছিল না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পদার্থবিজ্ঞানে স্নাতকোত্তরের এই তিন ছাত্রের বিরুদ্ধে করা মামলার কাগজপত্র পুলিশ দিয়ে গেছে। এঁদের বিষয়ে আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
এদিকে এই তিনজনকে হাটহাজারী থানায় করা অস্ত্র ও বিস্ফোরক আইনের দুই মামলায়ও গতকাল গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে অস্ত্র মামলায় তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আদালতে আবেদন করে হাটহাজারী থানার পুলিশ। আদালত এ বিষয়ে ৪ জানুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেন।