গাজীপুরে পাল্টাপাল্টি ধাওয়ায় একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতকাল শনিবার রাতে দুই সদস্য প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি হলেন আবুল খসরু (৫০)। তাঁর বাড়ি শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে গতকাল নির্বাচন হয়েছে। রাত সাড়ে আটটার দিকে শ্রীপুরের মাওনা ইউনিয়নের বারতোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফল ঘোষণাকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন এক ইউপি সদস্য প্রার্থীর চাচাতো ভাই আবুল খসরু। ধাওয়ায় দৌড়ে পালাতে গিয়ে তিনি পাশের একটি দোকানের কাছে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশ এখনো ওই হাসপাতালের মর্গেই আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলী জিন্নাহ প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে নিহত ব্যক্তির পরিবার দাবি করছে, প্রতিপক্ষের লোকজন তাঁকে কিল-ঘুষি দিয়েছে। এতে তাঁর মৃত্যু হয়েছে। বিষয় তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা হবে।