গাজীপুরে পুলিশের গুলিতে ৪ 'ডাকাত' গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় পুলিশের গুলিতে চারজন গুলিবিদ্ধ হয়েছে। পুলিশ বলছে, ওশান সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ডাকাতি করে পালানোর সময় তারা গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, মিজানুর রহমান নামের এক ‘ডাকাত’ তিন থেকে চার দিন আগে ওশান সোয়েটার কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ওই কারখানার পাশের একটি দোকান থেকে অন্যান্য নিরাপত্তাকর্মীদের পিঠা খাওয়ান। এতে ওই নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন। রাত আড়াইটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত একটি মাইক্রোবাসযোগে ওই কারখানায় হানা দেয়। পরে কারখানার গুদাম থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর চেষ্টা করে। এ সময় টহলরত ডিবি সদস্যরা টের পেয়ে যায়। তারা গুলি ছুড়লে চার ‘ডাকাত’ গুলিবিদ্ধ হয়।

ইকবাল হোসেন বলেন, গুলিবিদ্ধ অবস্থায় চার ‘ডাকাতকে’ আটক করা হয়। ডাকাতির মালামাল ফেলে অন্যরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ ব্যক্তিরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। চারজনের বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।