গাজীপুরে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বুদু মনির (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুর সিটি করপোরেশনের নলজানি এলাকার টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মনির সন্ত্রাসী ছিলেন। এ ঘটনায় তাঁর সহযোগী আনোয়ার হোসেনকে (২৮) আটক করা হয়েছে।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেনের ভাষ্যমতে, মনির চার-পাঁচজন সহযোগী ও অস্ত্র নিয়ে অপরাধমূলক কাজের প্রস্তুতি নিচ্ছেন—এমন খবর পেয়ে গভীর রাতে টিঅ্যান্ডটি কলোনির সেগুন বাগানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির ও তাঁর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মনির ও আনোয়ারকে আটক করা হয়। মনিরকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিরের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে জয়দেবপুর থানায় ১৭টি মামলা আছে।

ওসি বলেন, বন্দুকযুদ্ধের ঘটনায় তিনি নিজে এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাকলাইন হোসেন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে চারটি গুলিসহ একটি পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোত্তালিব হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা করেছেন।

ওসি আমির হোসেন জানান, মনিরের গ্রামের বাড়ি নোয়াখালীতে। গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটের টিনশেড কলোনিতে পরিবারের সঙ্গে থাকতেন তিনি।