গাজীপুরে পৃথক ঘটনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ
গাজীপুরে পৃথক ঘটনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উভয় ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাজীপুরের কারখানাশ্রমিক বিপুল (২৪) ও রংমিস্ত্রি মজিবুর রহমান (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরের বাসন সড়ক এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে এক গৃহবধূ কারখানায় কাজ করেন। আর তাঁর স্বামী রিকশা চালান। গত শনিবার পাঁচ বছরের মেয়েকে বাসায় রেখে কাজে চলে যান স্বামী-স্ত্রী। ওই দিন রাত আটটার দিকে একই বাসার অন্য কক্ষের ভাড়াটিয়া বিপুল টিভি দেখার কথা বলে মেয়েটিকে নিজ কক্ষে নিয়ে যান। পরে মেয়েটিকে ধর্ষণ করেন। মেয়েটি চিৎকার করলে বাড়ির অন্য ভাড়াটিয়ারা এসে বিপুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক ( এসআই) জাকির হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটির বাবা জয়দেবপুর থানায় মামলা করেছেন।
এদিকে কোনাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে সাত বছরের এক মেয়েকে একই বাড়ির ভাড়াটিয়া মজিবুর রহমান ধর্ষণ করেন। পরে শিশুটিকে ভয়ভীতি দেখান তিনি। শিশুটির পরিবার গতকাল বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে মজিবুরকে গ্রেপ্তার করে।
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোবারক হোসেন বলেন, এ ঘটনায় মেয়েটির মা জয়দেবপুর থানায় মামলা করেছেন। এ ছাড়া মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।