গাজীপুরে পোশাক কারখানায় ডাকাতি, চারজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় ওশান সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের এক পোশাক কারখানায় ডাকাতি হয়েছে। ডাকাতি করে পালানোর সময় পুলিশের গুলিতে ডাকাত দলের চারজন আহত হন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন সুলতান উদ্দিন, সালাম মিয়া, হামিদুল ইসলাম ও মামুন হোসেন। তাঁদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মিজানুর রহমান নামে এক ব্যক্তি তিন-চার দিন আগে ওই কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে চাকরি নেন। গত বৃহস্পতিবার রাতে কারখানার পাশের একটি দোকান থেকে পিঠা এনে তিনি অন্য নিরাপত্তাকর্মীদের খাওয়ান। এতে নিরাপত্তাকর্মীরা অচেতন হয়ে পড়েন। গভীর রাতে ১৫-২০ জনের ডাকাত দল মাইক্রোবাসে এসে কারখানায় হানা দেয়। সুতা ও অন্যান্য মালামাল নিয়ে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের গুলিতে চার ডাকাত আহত হয়। মালামাল ফেলে পালিয়ে যায় অন্যরা। আটক করা হয় গুলিবিদ্ধ চারজনকে।
গাজীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, আটক ব্যক্তিদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। ডাকাতির ঘটনায় জয়দেবপুর থানায় একটি মামলা করা হয়েছে।