গাজীপুরে পোশাকশ্রমিকের মৃত্যু, বেশ কয়েকজন অসুস্থ
গাজীপুর সদর উপজেলার ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় শাহিদা আক্তার (৩০) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়েছেন বেশ কয়েকজন।
আজ শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শ্রমিকদের দাবি, কারখানার বিষাক্ত পানি পান করেই শ্রমিকেরা অসুস্থ হয়েছেন। আতঙ্ক ছড়িয়ে পড়ায় কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
নিহত শাহিনা আক্তার কারখানার সুইং অপারেটর ছিলেন। তবে কারখানা কর্তৃপক্ষ দাবি করেছেন, ওই নারী শ্রমিকের পানি পান করে মৃত্যু হয়নি। কারখানায় ঢোকার সময় ফটকেই অসুস্থ হয়ে তিনি মারা গিয়েছেন।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা গেছে, মাসট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা সকাল সাড়ে ১০টার দিকে টিফিন খান। পানি পান করার জন্য শ্রমিকদের প্রতিটি তলাতেই কারখানার নিজস্ব ট্যাংক থেকে পানি সরবরাহ করা হয়। টিফিন শেষে শ্রমিকেরা ওই জায়গা থেকে পানি পান করেন। পরে তাঁরা কাজে যোগ দেন। কিছুক্ষণ পরে পাঁচ থেকে ছয়জন নারী শ্রমিক বমি করতে শুরু করেন। একের পর এক শ্রমিকেরা বমি শুরু করেন। অনেকেই মাথা ঘুরে পড়ে যান।
কারখানা কর্তৃপক্ষ এবং বাকি শ্রমিকেরা অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল, কুনিয়া এলাকার তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছেন। হাসপাতালে নেওয়ার সময় কারখানার সুইং অপারেটর শাহিদা আক্তার মারা যান।
কারখানার সুইং অপারেটর শহিদুল ইসলাম ও আলতাফ হোসেন জানান, সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। সকালের টিফিনের পর পানি পান করলে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে ওই নারী শ্রমিক মারা গেছেন। নিহত শাহিদা আক্তার কারখানার ভবনের লেভেল-৫-এর সুইং অপারেটর। প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়েছেন বলে তাঁরা দাবি করেন।
কারখানার ব্যবস্থাপক শেখ তাহমিনা পারভিনের ভাষ্য, পানি পান করে নয়, সকালে কারখানায় ঢুকে প্রধান ফটকে কার্ড পাঞ্চ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুইং অপারেটর শাহিদা আক্তার। পরে তাঁকে তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁকে দেখে আরও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
গাজীপুর সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, ‘ওই কারখানার ২৪ জন অসুস্থ শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁরা সবাই “মাস সাইকোজেনিক ইলনেস”-এ আক্রান্ত। প্রাথমিকভাবে পরীক্ষায় আমরা খাদ্যে বিষক্রিয়ার কোনো প্রমাণ পাইনি।’
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, ঘটনার পর শ্রমিক উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে একই ভবনে অবস্থিত মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, লাজিম গার্মেন্টস, নিডল টাচ গার্মেন্টস ও রেড ফিউরি নামের চারটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়।