তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বানে মহাসমাবেশের প্রচারণায় গতকাল রোববার গাজীপুরে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গাজীপুর জেলা শাখার সদস্যসচিব আবদুল কাইয়ুম বলেন, দুপুরে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সমাবেশের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতা-কর্মীরা। একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রফ্রন্টের নেতা-কর্মীদের ওপর হামলা চালান।
আবদুল কাইয়ুম বলেন, ২৬ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে রামপাল প্রকল্পসহ সুন্দরবন বিনাশী সব অপতৎপরতা বন্ধের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই সমাবেশের প্রচারণাকালে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে বাসদ গাজীপুর জেলা শাখার সমন্বয়ক রাহাত আহমেদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ভাওয়াল কলেজ শাখার আহ্বায়ক আল আমিন, নগর শাখার সহসভাপতি মাধব চন্দ্র মণ্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন দেবনাথসহ
নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের ভাওয়াল কলেজের সভাপতি-সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালানো হয়।
ছাত্রলীগের ভাওয়াল কলেজ শাখার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ভাওয়াল কলেজে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে তিনি জানতে পেরেছেন একটি সংগঠন ক্যাম্পাসে লিফলেট বিতরণ করেছে।