গাজীপুরে প্রতারক চক্রের দুই সদস্য আটক
গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকা থেকে গত বৃহস্পতিবার এক নারীসহ দুজনকে আটক করেছে র্যা ব। র্যা ব বলছে, আটক দুজন একটি প্রতারক চক্রের সদস্য। চক্রটি অভিনব কৌশলে লোকজনের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নিত।
আটক দুজন হলেন লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ী এলাকার মৃত জাগর আলীর ছেলে মো. রাশেদ (৩০) ও লক্ষ্মীপুরের রামগতি থানার রঘুনাথপুর গ্রামের মৃত নাজির আহম্মেদের মেয়ে পারভীন আক্তার সুমি (২৫)। তাঁরা জয়দেবপুর চৌরাস্তাসংলগ্ন তেলিপাড়া ও দিঘিরচালা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যা বের পোড়াবাড়ী ক্যাম্প সূত্রে জানা যায়, প্রতারক চক্রটি টাঙ্গাইল সদর থানার বাসিন্দা মো. লাভলু মিয়া ওরফে লাবুর কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে র্যা বের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল ইসলামের নেতৃত্বে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জয়দেবপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় লিজা টেলিকম থেকে বিকাশের মাধ্যমে টাকা উত্তোলনকালে রাশেদ ও পারভীন আক্তারকে আটক করা হয়। তাঁদের কাছে পাঁচটি মুঠোফোন সেট ও নগদ ৪৮ হাজার ৪৫ টাকা পাওয়া যায়। চক্রটির অপর সদস্য মো. রাজু আহম্মেদ (৩৫) ঘটনার সময় পালিয়ে যান। তিনি টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার চরপাতলাকান্দি গ্রামের নাজির হোসেনের ছেলে।
র্যা ব জানায়, ভুক্তভোগী লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেছেন। আটক দুজনকে গতকাল টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।