গাজীপুরে বন কর্মচারীর বাসায় ডাকাতি
গাজীপুরের ভূরুলিয়া এলাকায় গত শনিবার রাতে বন কর্মচারী অজয় কুমার বিশ্বাসের (৪৫) বাসায় ডাকাতি হয়েছে। এ সময় বাধা দেওয়ায় অজয় ও তাঁর স্ত্রী শ্যামলী বালাকে (৩৭) কুপিয়ে জখম করে ডাকাতেরা। পরে ডাকাতেরা টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
বন কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, অজয় কুমার বন বিভাগের বন্য প্রাণী শাখার প্রাণী রক্ষক পদে চাকরি করেন। অজয় স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভূরুলিয়া এলাকার বন বিভাগের কোয়ার্টারে থাকেন। পাশের কোয়ার্টারে থাকেন ফয়সাল হোসেন নামের অপর এক কর্মচারী। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাসার কলাপসিবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙে হাফপ্যান্ট ও মুখোশ পরা সাত-আটজন ডাকাত ঘরে ঢোকে। এ সময় ডাকাতেরা রামদা দিয়ে অজয় ও শ্যামলীকে কুপিয়ে টাকাপয়সা ও স্বর্ণালংকার খুঁজতে থাকেন। পরে তাঁরা আলমারি, ওয়ার্ডরোব ভেঙে টাকা, চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন অজয় ও তাঁর স্ত্রীকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে অজয় কুমারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বন বিভাগের স্থানীয় বিট কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, অজয়ের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।