গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে তরুণকে হত্যা
বাসা থেকে ডেকে নিয়ে এক তরুণকে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকায় রোববার রাতে। মাদক ব্যবসা ও পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। তবে নিহত ব্যক্তির পরিবার বলছে জমিজমা নিয়ে বিরোধের কথা।
নিহত তরুণ হলেন ছোট দেওড়া এলাকার আবদুল জলিলের ছেলে শরীফুল ইসলাম ওরফে পলাশ (২৫)। তিনি মাছের ব্যবসা করতেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ছোট দেওড়া এলাকায় বেশ কয়েক মাস ধরে ইয়াবা বড়ির ব্যবসার বিস্তার ঘটেছে। ওই এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ করছেন মনিরুল ইসলাম, সুমন মিয়া, জহিরুল ইসলাম, মো. সাঈদ, জীবন লস্করসহ আরও বেশ কয়েকজন। তাঁদের সঙ্গে ছিলেন নিহত শরীফুলও। মাদক ব্যবসা নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে রোববার রাত সাড়ে সাতটার দিকে শরীফুলকে বাসা থেকে ডেকে নিয়ে যান সুমন, মনির, জহিরুল, সাঈদ ও জীবন লস্কর। পাশের ভোড়া এলাকায় মনিরের বাড়িতে আটকে রেখে এলোপাতাড়ি মারধর করা হয় শরীফুলকে। পরে রাত ১১টার দিকে তাঁকে ভোড়া এলাকায় একটি রাস্তার পাশের খেতে ফেলা দেওয়া হয়। এলাকাবাসী দেখতে পেয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শরীফুলের স্ত্রী জুনি বেগম বলেন, জমি নিয়ে এলাকার মনির, সুমন, সাঈদ ও জীবনের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। শরীফুলের বোন শিরিন আক্তার বলেন, কয়েক বছর আগে তাঁর ভাইকে একখণ্ড জমি কিনে দেন মনির। ওই জমি আত্মসাৎ করতে মনির বিভিন্ন সময়ে শরীফুলকে ভয়ভীতি দেখাতেন।
জয়দেবপুর থানার এসআই মো. আনোয়ার হোসেন বলেন, পূর্বশত্রুতা ও মাদক ব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় শরীফুলের স্ত্রী থানায় মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে মনিরকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।