গাজীপুরে বাসে ভাঙচুর আগুন, কুমিল্লায় ট্রাকে পেট্রলবোমা হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে গতকাল সোমবার গাজীপুরে বাসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। এ ছাড়া হরতাল শুরুর আগে কুমিল্লায় দুর্বৃত্তদের পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ হয়েছেন একজন ঘুমন্ত ট্রাকচালক।
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার পর এর প্রতিবাদে গতকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে সংগঠনটি।
বাসে হামলা-আগুন: পুলিশ জানায়, গাজীপুর শহরের শিববাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে যাত্রীবাহী একটি বাস ভাঙচুরের পর এটি পেট্রল ছিটিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছেন হরতাল-সমর্থকেরা। এ সময় বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে পাঁচজনের মতো যাত্রী আহত হন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. শাহীন আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর আন্তজেলা বাস টার্মিনাল থেকে নবীনগরগামী পলাশ পরিবহনের একটি বাস ১০-১৫ জন যাত্রী নিয়ে রওনা হয়। বাসটি জেলা শহরের শিববাড়ী এলাকায় পৌঁছালে হরতাল-সমর্থকেরা ইটপাটকেল ছুড়ে বাসের কাচ ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে বাসে আগুন ধরিয়ে দেন তাঁরা। আগুনে বাসের সিট পুড়ে গেছে। এ ঘটনায় আহত অন্তত পাঁচজন যাত্রী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, এ হাসপাতালে গাজীপুরের শহীদুল্লাহ (৪৫) ও আবু বকর সিদ্দিক (৬০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ট্রাকে পেট্রলবোমা হামলা: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল ভোররাত সোয়া তিনটার দিকে একটি ট্রাকে পেট্রলবোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এতে ট্রাকচালক রিয়াজ উদ্দিন (৩৯) দগ্ধ হন।
হামলার পর দগ্ধ রিয়াজ উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সরফরাজ হোসেন খান বলেন, রিয়াজ উদ্দিনের দুই হাত ও গলা থেকে নাভি পর্যন্ত পুড়ে গেছে। তাঁর শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়েদুল আলম বলেন, ভুট্টাবোঝাই ওই ট্রাক ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল। পথে পেন্নাই এলাকায় রাত তিনটার দিকে মহাসড়কের পাশে ট্রাকটি রেখে তাতে চালক ঘুমাচ্ছিলেন। এ সময় ট্রাকটিতে পেট্রলবোমা ছোড়া হলে চালক দগ্ধ হন।
পেট্রলবোমায় ট্রাকের সামনের অংশ আগুনে পুড়ে গেছে। হামলায় চালকের সহকারী মো. মুন্না রক্ষা পেয়েছেন। দগ্ধ ট্রাকচালকের বাড়ি রংপুরের আলমনগর উপজেলার বাবুপাড়া গ্রামে।
দাউদকান্দির গৌরীপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন: গাজীপুর ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি}