গাজীপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার বাউপাড়া এলাকায় দুর্বৃত্তরা ৮০ বছরের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন ওই বৃদ্ধার ভাইয়ের স্ত্রী রহিমা খাতুন (৭০)। নিহত ব্যক্তির নাম কলমজান বিবি। তিনি বাউপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিনের স্ত্রী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাউপাড়া এলাকার আতাউর রহমান গত মঙ্গলবার রাতে তাঁর স্ত্রী-সন্তানদের নিয়ে এক ঘরে ঘুমিয়েছিলেন। পাশে অন্য ঘরে ঘুমিয়েছিলেন আতাউরের মা কলমজান বিবি ও মামি রহিমা খাতুন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা কলমজানের ঘরে ঢুকে কৌশলে তাঁদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ভোর চারটার দিকে আতাউরের মেয়ে বাথরুমে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে পাশের ঘরে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে এগিয়ে যান। পরে তাঁদের রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে কলমজান বিবি মারা যান। রহিমা খাতুনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাউর রহমান বলেন, ‘আমাদের কোনো শত্রু নেই। কে বা কারা মাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।’