গাজীপুরে বেতন-বোনাস না দেওয়ায় যন্ত্রপাতি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতন ও ঈদ বোনাস না পেয়ে গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা যন্ত্রপাতি বিক্রি করে পাওনার আংশিক টাকা ভাগাভাগি করে নিয়েছেন। গত শনিবার সদর উপজেলার বাসন সড়ক এলাকার ‘ট্রেড মার্ক ফ্যাশন লিমিটেড’ নামের পোশাক কারখানায় ওই ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকেরা বলেন, গত জুন মাস থেকে তাঁদের বেতন দিচ্ছে না কর্তৃপক্ষ। তাঁরা ঈদের আগেই জুন ও জুলাই মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। এরপর কারখানার পরিচালক (উৎপাদন) আবদুল কুদ্দুস ও ব্যবস্থাপক আবদুল মোতালেব দাবি পূরণের জন্য লিখিত অঙ্গীকার দেন। গত মঙ্গলবার বেতন-বোনাস পরিশোধের কথা থাকলেও কর্তৃপক্ষ তা করেনি। বেতন-বোনাসের দাবিতে ওই দিন বিকেল থেকে শ্রমিকেরা কারখানায় অবস্থান নিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এ সময় কারখানার মালিকপক্ষ ও তাঁদের লোকজন পালিয়ে যান। শ্রমিকেরা আবদুল কুদ্দুস ও মোতালেবকে অবরুদ্ধ করে রাখেন। সর্বশেষ কর্তৃপক্ষ গত শনিবার বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দিলেও ব্যর্থ হয়। পুলিশ ও শ্রমিক প্রতিনিধিরা গত কয়েক দিন কারখানার মালিকপক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বন্ধ পান। পরে শনিবার বিকেলে শ্রমিকেরা জুয়েল নামের এক ব্যবসায়ীর কাছে কারখানার কিছু যন্ত্রপাতি ও টেবিল প্রায় সাড়ে ১৭ লাখ টাকায় বিক্রি করে দেন। ওই টাকা নিজেদের মধ্যে জুন মাসের পাওনা হিসেবে ভাগ-বাঁটোয়ারা করে নেন।
ট্রেড মার্ক ফ্যাশন লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বেতন জুন থেকে বকেয়া থাকলেও তাঁদের (কর্মকর্তা) বেতন মে মাস থেকে বকেয়া। বেতন চাইলে মালিক বলেন, হাতে পর্যাপ্ত টাকা নেই, ঋণ নিয়ে বেতনের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের বেতন না দেওয়ায় তাঁরা শনিবার ১৭ লাখ টাকার মালামাল বিক্রি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।