গাজীপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের বারবৈকা এলাকায় গত বুধবার এক ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ী হলেন বারবৈকা এলাকায় মো. শাহাবুদ্দিন (৩০)।
পুলিশ ও নিহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, বারবৈকা এলাকায় শাহাবুদ্দিন পুরোনো গাড়ি ক্রয়-বিক্রয়ের ব্যবসা করতেন। গত বুধবার রাত আড়াইটার দিকে তাঁর বাড়িতে মুখোশধারী ছয়-সাতজন দুর্বৃত্ত হানা দেয়। এ সময় বাড়ির কুকুর ঘেউ ঘেউ শুরু করলে দরজা খুলে বাইরে আসেন শাহাবুদ্দিনের স্ত্রী আসমাউল হোসনা। তিনি বের হলে দুর্বৃত্তরা তাঁকে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রেখে ঘরে প্রবেশ করে। পরে দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে শাহাবুদ্দিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে গতকাল সকালে জয়দেবপুর থানার পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।