গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুর বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাছবাজার–সংলগ্ন রাস্তায় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী হলেন গাজীপুর সদরের মুন্সিপাড়া এলাকার আবদুল বাতেন মিয়ার ছেলে টুটুল মিয়া (৩৫)। তিনি জয়দেবপুর বাজারে ফুটপাতে স্টেশনারি ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ছয়-সাতজন হঠাৎ ব্যবসায়ী টুটুলকে ঘেরাও করে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামলাকারীদের সবার হাতেই ধারালো অস্ত্র ছিল বলে ভয়ে কেউ এগিয়ে যেতে পারেননি।

পুলিশ জানায়, খবর পেয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে জয়দেবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠায়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

নিহত ব্যক্তির স্ত্রী পারভীন আক্তার জানান, তিন-চার দিন আগে টুটুল তাঁকে জানিয়েছেন, টুটুলের মামাতো ভাই আকাশের সঙ্গে টাকাপয়সা লেনদেন নিয়ে ঝগড়াবিবাদ হয় এবং প্রাণনাশেরও হুমকি দেয়। এরই জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে তাঁর ধারণা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চালানো হচ্ছে।