গাজীপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা
গাজীপুর সিটি করপোরেশনের জিরানী বাজারে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গত সোমবার দুপুরে জিরানী বাজার এলাকার একটি স্টুডিওতে এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ী হলেন কালিয়াকৈর উপজেলার কুতুবদিয়া গ্রামের সুভাস চন্দ্র সরকারের ছেলে সুব্রত চন্দ্র সরকার ওরফে শুভ্র। তিনি জিরানী বাজার এলাকায় ভাড়া থেকে স্টুডিওর ব্যবসা করেন।
এলাকাবাসী ও আহত ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে তিনজন স্কুলছাত্র বেশে ওই স্টুডিওতে ঢোকে। তাদের একজন পাসপোর্ট সাইজের ছবি তোলার জন্য সুব্রতকে স্টুডিওতে ডাকে। পরে সুব্রত তাদের একজনের ছবি তুলতে প্রস্তুত হলে পেছনে থাকা দুজন প্রথমে সুব্রতকে গলা চেপে ধরে। পরে একজন চাপাতি দিয়ে তাঁর গলায় আঘাত করতে থাকে। একপর্যায় তিনজনই সুব্রতর ওপর ঝাঁপিয়ে পড়ে।
এলাকাবাসী ও আহত ব্যবসায়ীর পরিবার সূত্র আরও জানায়, পরে সুব্রতর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা একটি স্কুলব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সুব্রতকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। এদিকে জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির পুলিশ উদ্ধারকৃত ব্যাগ থেকে এক স্কুলশিক্ষার্থীর পরিচয়পত্র, স্কুলড্রেস, স্কচটেপ ও দুটি চাকু উদ্ধার করেছে।
সুব্রত চন্দ্র সরকারের চাচাতো ভাই লিটন চন্দ্র সরকার গতকাল প্রথম আলোকে বলেন, রক্তাক্ত অবস্থায় সুব্রতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জের ধরে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে।
চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হারুন অর রশিদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।