গাজীপুরে ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর শহরের জয়দেবপুর বাজারে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাজারসংলগ্ন একটি রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন গাজীপুর সদরের মুন্সিপাড়া এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়ার ছেলে মো. টুটুল মিয়া (৩৫)। তিনি জয়দেবপুর বাজারে ফুটপাতে স্টেশনারি সামগ্রীর ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যবসায়ী বলেন, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একদল দুর্বৃত্ত হঠাৎ হামলা চালিয়ে টুটুলকে ঘিরে ফেলে। এরপর তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে টুটুলের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাঁরা জানান, হামলাকারীদের সবার হাতে ধারালো অস্ত্র ছিল। তাই ভয়ে কেউ এগিয়ে যেতে পারেননি।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, জয়দেবপুর বাজারের স্বর্ণপট্টির ফুটপাতে টুটুলের স্টেশনারি সামগ্রীর দোকান আছে। গতকাল সন্ধ্যায় দোকানে গিয়ে ছয়-সাতজন অস্ত্রধারী টুটুলকে প্রথমে ঘিরে ফেলে। এরপর তাঁকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে চলে যায়। খবর পেয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে জয়দেবপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি রেজাউল হাসান বলেন, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চালানো হচ্ছে।