গাজীপুরে ব্যাংকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া এ তথ্য জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে কালিয়াকৈরের রাখালিয়াচালা এবং গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের দাবি।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার হওয়া দুজন হলেন মিন্টু ও নাইমুল। গোপন তথ্যের ভিত্তিতে মিন্টুকে রাখালিয়াচালা ও নাইমুলকে বোর্ডবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, মিন্টু ও নাইমুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা লুটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এর আগেও তাঁরা চুরি-ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও ধরার চেষ্টা চলছে।

বুথ থেকে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা লুটের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। এতে অজ্ঞাত ১২-১৩ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদী ঢাকার মিরপুরের মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন।

আফজালুল বলেন, গ্রাহকদের উত্তোলনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক বুথে যে টাকা রাখে, তা বিভিন্ন বুথে সরবরাহ করে মানি প্ল্যান্ট। ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকার প্রায় ৪৫০টি বুথে প্রতিষ্ঠানটি টাকা সরবরাহ করে প্রতিদিন।

মামলার এজাহার থেকে জানা যায়, ঢাকার মিরপুরে মানি প্ল্যান্টের প্রধান কার্যালয় থেকে বুধবার রাত পৌনে ১০টার দিকে ৫ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে দেওয়ার জন্য একটি মাইক্রোবাসযোগে রওনা দেন প্রতিষ্ঠানটির পাঁচজন কর্মী। সাভারের আশুলিয়া, জিরাব, নরসিংহপুর, জামগড়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন বুথে টাকা লোড করার পর রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন অ্যাপেক্স ফুটওয়্যারের গেটের পাশে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে যায় মানি প্ল্যান্টের গাড়িটি।
নিরাপত্তাকর্মী এজাব উদ্দিন ও লোকমান হোসেনের উপস্থিতিতে মাইক্রোবাস থেকে দুটি ট্রাংকভর্তি টাকা নিয়ে ওই ফার্স্ট ট্র্যাক বুথে প্রবেশ করেন মানি প্ল্যান্টের কর্মীরা। এ সময় ১২-১৩ জন ডাকাত নীল রঙের একটি পিকআপ ভ্যানযোগে সেখানে উপস্থিত হয়ে রড, চাপাতি, দা, পাইপ, কিরিচ নিয়ে নিরাপত্তাকর্মী, গানম্যান ও মাইক্রোবাসের লোকজনকে মারধর করে। কয়েকজন ডাকাত বুথে প্রবেশ করে টাকাভর্তি দুটি ট্রাংক পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

গতকাল সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাঁশদি গ্রামের একটি পুকুরপাড়ে টাকার দুটি ট্রাংক খালি অবস্থায় পাওয়া যায়।

টাকা লুটের ঘটনায় বুথের নিরাপত্তাকর্মীসহ নয়জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাঁদের কাউকে আটক বা গ্রেপ্তার দেখায়নি পুলিশ।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মজিদ বকুল জানান, টাকা উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে। জড়িত সবাইকে ধরার চেষ্টা চলছে।