গাজীপুরে ব্যাংকের প্রায় দুই কোটি টাকা লুট
গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের ফার্স্ট ট্র্যাক বুথে টাকা রাখার সময় গত বুধবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা দুটি ট্রাংকভর্তি ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।
গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাঁশদি গ্রামের একটি পুকুরপাড়ে ট্রাংক দুটি পাওয়া গেছে খালি অবস্থায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নয়জনকে আটক করা হয়েছে।
ডাকাতির ঘটনায় ঢাকার মিরপুরের মানি প্ল্যান্ট লিংক প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল (অব.) সৈয়দ আফজালুল আবেদিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, গ্রাহকদের উত্তোলনের জন্য ডাচ্-বাংলা ব্যাংক বুথে যে টাকা রাখে, তা বিভিন্ন বুথে সরবরাহ করে মানি প্ল্যান্ট। ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকার প্রায় ৪৫০টি বুথে প্রতিষ্ঠানটি টাকা সরবরাহ করে প্রতিদিন।
থানায় দায়েরকৃত অভিযোগে জানা যায়, ঢাকার মিরপুরে মানি প্ল্যান্টের প্রধান কার্যালয় থেকে বুধবার রাত পৌনে ১০টার দিকে ৫ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের বিভিন্ন বুথে দেওয়ার জন্য একটি মাইক্রোবাসযোগে রওনা দেয় প্রতিষ্ঠানটির পাঁচজন কর্মী। সাভারের আশুলিয়া, জিরাব, নরসিংহপুর, জামগড়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকার বিভিন্ন বুথে টাকা লোড করার পর রাত আড়াইটার দিকে কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসংলগ্ন এপেক্স ফুটওয়্যারের গেটের পাশে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে যায় মানি প্ল্যান্টের গাড়িটি।
নিরাপত্তাকর্মী এজাব উদ্দিন ও লোকমান হোসেনের উপস্থিতিতে মাইক্রোবাস থেকে দুটি ট্রাংকভর্তি টাকা নিয়ে ওই ফাস্ট ট্র্যাক বুথে প্রবেশ করেন মানি প্ল্যান্টের কর্মীরা। এ সময় ১২-১৩ জন ডাকাত নীল রঙের একটি পিকআপ ভ্যানযোগে সেখানে উপস্থিত হয়ে রড, চাপাতি, দা, পাইপ, কিরিচ নিয়ে নিরাপত্তাকর্মী, গানম্যান ও মাইক্রোবাসের লোকজনকে মারধর করে। কয়েকজন ডাকাত বুথে প্রবেশ করে টাকাভর্তি দুটি ট্রাংক পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।
ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ফুলবাড়িয়া থানার বাঁশদি গ্রামের একটি মসজিদের ইমাম হাফেজ ইউসুফ আলী ও স্থানীয় মুসল্লি সলিম উদ্দিন ফজরের নামাজ সেরে হাঁটতে বের হন। এ সময় তাঁরা ওই এলাকার একটি পুকুরপাড়ে স্টিলের দুটি ট্রাংক পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর পেয়ে ট্রাংক দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় সেখান থেকে একটি এটিএম কার্ডও উদ্ধার করা হয়েছে। পরে বিষয়টি কালিয়াকৈর থানার পুলিশকে জানানো হয়। কালিয়াকৈর থানার পুলিশ ফুলবাড়িয়া থানায় গিয়ে খালি ট্রাংক ও এটিএম কার্ডটি নিয়ে যায়।
কালিয়াকৈর থানার পুলিশ জানায়, ফুলবাড়িয়া থেকে উদ্ধার হওয়া ট্রাংক দুটিতেই ব্যাংকের টাকা ছিল।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোতালেব মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানি প্ল্যান্টের নিরাপত্তাকর্মী ও দুই কর্মকর্তা টাকা লুটের সঙ্গে জড়িত। প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীসহ নয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।