গাজীপুরে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ার বাংলাদেশ কৃষি ব্যাংকের খিরাটি শাখায় গত মঙ্গলবার ডাকাতি হয়েছে। ডাকাতেরা ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে দুটি কম্পিউটার ও একটি স্ক্যানার মেশিন লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় গতকাল বুধবার থানায় মামলা করা হয়। পুলিশ জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন নরসিংদীর মনোহরদী থানার হেকিমদি গ্রামের রুবেল মৃধা (২৮)।
ব্যাংক কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ২০-২৫ জনের একদল ডাকাত বাংলাদেশ কৃষি ব্যাংকের খিরাটি শাখার কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। পরে ব্যাংকের নিরাপত্তা প্রহরী ও ব্যবস্থাপকের হাত-পা ও চোখ বেঁধে ডাকাতেরা ভল্ট ভাঙার চেষ্টা করে। ব্যর্থ হয়ে ব্যাংকের দুটি কম্পিউটার ও একটি স্ক্যানার মেশিন লুট করে নিয়ে যায়। এরপর ডাকাতেরা একই ভবনে থাকা ইস্পাহানী চা কোম্পানির ডিপো থেকে ৫৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতদের এলোপাতাড়ি মারধরে ব্যাংকের ব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাস, নিরাপত্তা প্রহরী জিয়া উদ্দিনসহ চারজন আহত হন। লুট হওয়া কম্পিউটারের একটি সিপিইউ পাশের নদী থেকে উদ্ধার করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে।
ডাকাতির খবর পেয়ে ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) লিয়াকত আলী মোড়ল, ডিজিএম সুবাস চন্দ্র বর্মণ, ডিজিএম সেলিম মিয়া, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল বুধবার ব্যবস্থাপক ভূপতি রঞ্জন দাস বাদী হয়ে কাপাসিয়া থানায় মামলা করেন।
থানার ওসি আহসান উল্লাহ্ জানান, অভিযান চালিয়ে একটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। আর লুটের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।