গাজীপুরে ব্যাগে কঙ্কাল ফেলে পালাল দুজন
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেংরা এলাকা থেকে গতকাল বুধবার দুপুরে খুলিসহ মানুষের কঙ্কালের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে দুই ব্যক্তি ব্যাগে ভরা অবস্থায় সেগুলো ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, টেংরা গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বাড়ির বাইরে বের হন। এ সময় পাশের ধানখেতে দুই ব্যক্তিকে চুপচাপ বসে থাকতে দেখেন তিনি। তিনি একটু এগিয়ে গেলে দুই ব্যক্তি একটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায়। ব্যাগ খুলে একটি মানুষের খুলি, পাঁজরসহ বিভিন্ন হাড়গোড় পাওয়া যায়। পরে এলাকাবাসী বিষয়টি শ্রীপুর থানার পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আইনুল হককে জানান। খবর পেয়ে পুলিশ শহর থেকে ডোম এনে গতকাল দুপুরে কঙ্কালসহ ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জসিম উদ্দিন বলেন, রাতে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে দুজন লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। এ সময় তারা একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগ খুলতেই মানুষের হাড়গোড় দেখে তিনি ভয় পেয়ে যান। স্থানীয় সূত্র জানায়, ওই ঘটনার পর থেকে এলাকার মানুষ কঙ্কাল চুরির আতঙ্কে আছে।
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে, চোর চক্রের সদস্যরা আশপাশের কোনো কবর থেকে কঙ্কাল চুরি করে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছিল। কিন্তু ধরা পড়ার ভয়ে তারা কঙ্কালসহ ব্যাগটি ফেলে পালিয়ে যায়।