গাজীপুরের শ্রীপুর উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় আসমা আক্তার (২৬) নামের এক পোশাককর্মী নিহত হওয়ার গুজবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুর করেন বিক্ষুব্ধ জনতা। আহত আসমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসমা স্থানীয় আদিব ডাইং কারখানার বারটেক শাখার অপারেটর।
ওই ডাইং কারখানার প্রশাসনিক বিভাগের নির্বাহী আব্দুল্লাহ আরজু মামুন জানান, সকাল আটটার দিকে আসমা দৌড়ে শ্রীপুরের মুলাইদ এলাকায় ওই মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ওই নারী শ্রমিককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ সময় আসমার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। পরে সকাল সাড়ে আটটার দিকে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ওই মহাসড়ক অবরোধ করেন ও কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। পরে সকাল নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। আসমাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মাওনা হাইওয়ে থানার ওসি মো. হেলালুল ইসলাম জানান, পুলিশ গিয়ে বিক্ষুব্ধ জনতাকে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।