গাজীপুরে মা-মেয়েকে কুপিয়ে হত্যা
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় পাবুর এলাকায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পাবুর এলাকার মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বেগম (৭৫) ও তাঁর মেয়ে মাদিয়া বেগম (৫০)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজগর হোসেন খানের দেওয়া তথ্যমতে, গতকাল রাতের খাবার খেয়ে মা সূর্যি বেগম ও মেয়ে মাদিয়া বেগম এক ঘরে ঘুমিয়ে ছিলেন। আজ মঙ্গলবার সকালে স্বজনেরা দরজা খোলা দেখতে পেয়ে ওই ঘরের ভেতরে যান। তখন রক্তাক্ত অবস্থায় তাঁদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
আজগর হোসেন খানের ভাষ্য, ওই ঘরে থাকা একটি ট্রাঙ্ক ভেঙে দুর্বৃত্তরা চার-পাঁচ হাজারের মতো টাকা নিয়ে গেছে বলে স্বজনেরা তাঁর কাছে দাবি করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে সকালে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মা ও মেয়ের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে জানানো হয়। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে এখনো মামলা হয়নি।