গাজীপুরে মেডিকেল কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুরে তায়রুন্নেসা মেডিকেল কলেজের ছাত্রীনিবাস থেকে আজ বুধবার অমৃতা রানী কর (২১) নামের এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের ছাত্রী ছিলেন।
জয়দেবপুর থানার পুলিশ জানায়, অমৃতার বাড়ি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকায়। আজ বুধবার তিনি ক্লাস করতে না গিয়ে ছাত্রীনিবাসে অবস্থান করেন। পরে কক্ষের অন্য ছাত্রীরা কক্ষে ঢুকতে গেলে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তাঁরা জানালায় উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে ওড়নায় গলায় প্যাঁচানো অবস্থায় অমৃতা ঝুলছেন। খবর পেয়ে পুলিশ আজ বেলা তিনটার দিকে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান সাংবাদিকদের বলেন, অমৃতা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে তিনি কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। তদন্ত চলছে।
এ ব্যাপারে তায়রুন্নেছা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
অমৃতার বাবা অমর কর সাংবাদিকদের জানান, গত শুক্রবার অমৃতা বাড়ি থেকে কলেজে যান। এর মধ্যে কয়েকবার তাঁর সঙ্গে কথাও হয়েছে। কিন্তু কেন তিনি এমনটা করলেন, কিছু বুঝতে পারছেন না।