আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুর পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমানকে গতকাল রোববার আবারও কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। ওই দিন একই অভিযোগে শ্রীপুরের দুই কাউন্সিলর প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ ও মানিকগঞ্জে দুই কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করা হয়।
শ্রীপুর পৌরসভার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, আনিছুর গতকাল বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত পৌর শহরে তাঁর সমর্থকদের নিয়ে মিছিল ও শোডাউন করেন। এতে যানজটের সৃষ্টি হয়। এটি নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এ জন্য তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত শুক্রবারও একই অভিযোগে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
আনিছুরের নির্বাচন সমন্বয়কারী মাহতাব উদ্দিন দাবি করেন, কোনো নির্বাচনী মিছিল বা শোডাউন হয়নি। প্রার্থী নির্বাচনী লিফলেট বিতরণের সময় সমর্থকেরা তাঁর কাছে এসেছিলেন।
এদিকে গত শনিবার রাত আটটার পর ৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মাইকিং, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় নির্বাচনী পোস্টার লাগানোর অভিযোগে গতকাল বিকেলে কাউন্সিলর প্রার্থী আবদুল বারেককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া গতকাল বিকেলে মিছিল করার অভিযোগে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ফিরোজ আহমদকেও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁদের ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলেছেন রিটার্নিং কর্মকর্তা হাসানুজ্জামান।
সোনারগাঁয়ে বিএনপি প্রার্থীকে নোটিশ: সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ভূরিভোজ আয়োজনের অভিযোগে বিএনপির মেয়র প্রার্থী মোশারফ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, গত শনিবার মোশারফ তাঁর বাসভবনের সামনে ভূরিভোজের আয়োজন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন। তাই তাঁকে ওই নোটিশ দেওয়া হয়েছে।
মোশারফ হোসেন বলেন, ‘আমি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করিনি।’