গাজীপুরে যাত্রীবাহী বাসে ডাকাতি, চালকসহ গ্রেপ্তার ২
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গত সোমবার দিবাগত রাতে একটি যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। লুট করা হয়েছে টাকাসহ বিভিন্ন মালামাল। এ ঘটনায় জড়িত সন্দেহে বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার মাগুরা চেকপোস্ট এলাকার বাসিন্দা বাসের চালক এরশাদুল হক (৩০) ও একই উপজেলার বানুগাছা চাপানী এলাকার বাসিন্দা বাসের সুপারভাইজার আবদুল রাজ্জাক (৩৩)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নীলফামারীর ডিমলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ওই ডাকাতির ঘটনা ঘটে। বাসটি সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ চালক বাস থামিয়ে দেন। এরপর তিনি বাস থেকে নেমে শৌচাগারে যান। এ সময় ওত পেতে থাকা ১০-১২ জন ডাকাত যাত্রীবেশে বাসে ওঠে। এরপর তারা যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে অর্থসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে। পরে যাত্রীদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে যায়। ঘটনাটি সন্দেহজনক হওয়ায় চালক এরশাদুল ও সুপারভাইজার রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। বাসটিও জব্দ করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মজিদ বকুল বলেন, ডাকাতির সঙ্গে জড়িত সন্দেহে বাসের চালক ও সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।