গাজীপুরে গতকাল মঙ্গলবার ভোরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। র্যাবের দাবি, মো. মামুন আহম্মেদ নামের ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য। কিন্তু পরিবারের অভিযোগ, দুদিন আগে তাঁকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সন্দেহভাজন চোরাচালানিদের কথিত ‘বন্দুকযুদ্ধের’ এক ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। ওই ব্যক্তির দাবি, তাঁকে ধরে নিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়েছে।
পরিবার ও এলাকাবাসী বলেছে, গাজীপুরে নিহত মো. মামুন আহম্মেদ (২৯) ঝুটের ব্যবসা করতেন। তিনি টঙ্গীর মধ্য আজিমপুর এলাকার মৃত রুহুল আমিনের ছেলে। টঙ্গীর আরিচপুর এলাকায় বাড়ির পাশে তাঁর ঝুটের গুদাম রয়েছে।
পরিবার ও স্থানীয় কয়েকজন বলেছেন, গত রোববার রাতে গুদামের পাশের একটি দোকানে মামুন টিভিতে বাংলাদেশ-ভারত ক্রিকেট ম্যাচ দেখছিলেন। রাত ১০টার দিকে একটি কালো রঙের মাইক্রোবাস দোকানের সামনে এসে থামে। গাড়ি থেকে নেমে ৮-১০ জন লোক নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে মামুনকে ধরে নিয়ে যায়। এরপর টঙ্গী থানা, র্যাব-১ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসে খোঁজ নিয়ে তাঁর কোনো খবর পাওয়া যায়নি।
টিভিতে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে একটি লাশ আসার খবর পেয়ে মামুনের পরিবারের সদস্যরা ওই হাসপাতালে ছুটে যান। হাসপাতালে তাঁরা মামুনের লাশ শনাক্ত করেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে একটি পিক-আপে করে র্যাবের সদস্যরা মৃত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে রেখে যান। তাঁর বুকে দুটি ও পেটের বাঁ দিকে একটি গুলির চিহ্ন রয়েছে।
হাসপাতালে ছেলের লাশ দেখে নির্বাক হয়ে পড়েন মামুনের মা সবজন বেগম। পরে কিছুটা ধাতস্থ হয়ে প্রথম আলোর প্রতিনিধিকে বলেন, ‘আমার ছেলে ডাকাতি করতে পারে না। সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ত। ষড়যন্ত্র করে ওকে ডাকাত বানিয়ে হত্যা করা হয়েছে।’
মামুনের খালাতো ভাই মো. বিপ্লব হোসেন অভিযোগ করেন, ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে বছর দেড়েক আগে এলাকার কয়েকজন লোকের সঙ্গে র্যাব সদস্যরা মামুনকে ধরে নিয়ে গিয়েছিলেন। পরে টঙ্গী থানায় তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র মামলা করে থানায় সোপর্দ করা হয়েছিল।
মামুনের বড় বোন মমতাজ বেগম দাবি করেন, তাঁকে পরিকল্পিতভাবে ধরে নিয়ে গুলি করে মারা হয়েছে। মমতাজ বলেন, ‘আমার ভাই ঝুট ব্যবসা করত। সে কেন ডাকাতি করতে যাবে? তাঁর টাকাপয়সার কোনো অভাব ছিল না। গত সোমবার দুপুরে টঙ্গী থানায় তাঁর নিখোঁজ হওয়ার ব্যাপারে জিডি করতে গেলে পুলিশ আরও এক দিন অপেক্ষা করতে বলেছিল। আর আজ সকালে র্যাব আমার ভাইকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে রেখে গেছে।’
র্যাবের ভাষ্য: র্যাব-১ বলছে, তাদের টহল দলের ওপর ডাকাতদের হামলার পর দুই পক্ষে বন্দুকযুদ্ধ বেধে যায়। এতে এক ডাকাত (মামুন) গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বিকেলে র্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে র্যাবের একটি দল টঙ্গী-পূবাইল এলাকায় মাইক্রোবাস নিয়ে টহল দিচ্ছিল। দলটি হায়দারাবাদ এলাকায় পৌঁছালে দু-তিনজন ডাকাত মাইক্রোবাস থামানোর সংকেত দেয়। র্যাব সদস্যরা গাড়ির গতি কমালে তারা চারদিক থেকে আগ্নেয়াস্ত্রসহ ঘিরে ফেলে। এ অবস্থায় র্যাবের একটি টহল পিকআপ ঘটনাস্থলে উপস্থিত হলে তারা সেটি লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাতেরা পালিয়ে যায়। ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকে একজন।
লাশের সুরতহালকারী জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, মামুনের শরীরে গুলিসহ ১৩টি আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বিরুদ্ধে ডাকাতি বা অন্য কোনো মামলা আছে কি না, সে ব্যাপারে জানা নেই।
সাতক্ষীরায় গুলিবিদ্ধ এক: সাতক্ষীরা-ভোমরা সড়কের নবাতকাটি এলাকায় সোমবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়েছেন একজন।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম আজাহারুল ইসলাম (৪০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার হাড়দ্দহ গ্রামের রহিম বক্সের ছেলে। সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আজাহারুল ইসলাম বলেছেন, পুলিশের একটি দল সোমবার বিকেল চারটার দিকে ভোমরা বন্দর এলাকা থেকে তাঁকেসহ চারজনকে আটক করে। পরে তাঁকে সাতক্ষীরা ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চোখ বেঁধে সন্ধ্যার পর বাইরে নিয়ে পায়ে গুলি করা হয়।
তবে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখের দাবি, ওই দিন রাত সাড়ে আটটার দিকে খবর পাওয়া যায়, এক দল চোরাচালানি ভারত থেকে মাদক ও অস্ত্র এনে বিক্রির জন্য নবাতকাটি গ্রামে অবস্থান করছে। তাদের ধরতে পুলিশ রাত নয়টার দিকে সেখানকার বাগানবাড়ি এলাকায় গেলে চোরাচালানকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। ১০-১২ মিনিট গুলি বিনিময়ের পর চোরাচালানিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজাহারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।