গাজীপুরে বুধবার রাতে র্যাব সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে গতকাল বৃহস্পতিবার সকালে মারা গেছেন এক ব্যক্তি। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। আর মৌলভীবাজার শহরে একই রাতে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তাদের ওপর হামলার পর তারা গুলি চালায়।
গাজীপুর র্যাব-১-এর কোম্পানি কমান্ডার উপপরিচালক মোহাম্মদ মহিউল ইসলামের ভাষ্য অনুযায়ী, রাত সাড়ে তিনটার দিকে তাঁরা খবর পান সিটি করপোরেশনের উত্তর সালনা এলাকার আইয়ুব উল্লাহর খামার থেকে তিনটি গরু ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যাচ্ছিল ডাকাতেরা। এরপর সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যারিকেড দিয়ে ট্রাকটি থামানোর সংকেত দেন র্যাব সদস্যরা। সংকেত অমান্য করে তারা পালিয়ে যেতে থাকলে র্যাব সদস্যরা ট্রাকটি ধাওয়া করেন। এ সময় ট্রাকটি গাজীপুর সিটির চান্দনা-চৌরাস্তা হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পালিয়ে যেতে থাকে। একপর্যায়ে ট্রাকটি পথ পরিবর্তন করে মজলিশপুর এলাকার দিকে যেতে থাকে এবং ডাকাতেরা র্যা বকে লক্ষ্য করে গুলি করতে থাকে। র্যাব সদস্যরাও পাল্টা গুলি করেন। ঘটনার পরপরই গুলিবিদ্ধ অবস্থায় দুজন এবং সকালে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ আরও দুজনকে আটক করা হয়। চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সকালে একজন মারা যায়। তার পরিচয় জানা যায়নি।
গুলিবিদ্ধ অন্য ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২০), বরগুনার বেতাগী থানার কলাবাছিয়া গ্রামের আবদুল মোতালেবের ছেলে আবদুল জলিল (১৯), ঢাকার মুগদা-মান্ডা এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২৮)।
র্যাব কর্মকর্তা মহিউল ইসলাম বলেন, আটক একজনের কাছ থেকে পাঁচটি গুলিভর্তি একটি পিস্তল, ঘটনাস্থল থেকে দুটি ছোরা ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনটি গরুসহ ডাকাতদের ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন আহাম্মদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাতে পুলিশ তথ্য পায় শহরের বেরিরপাড়সংলগ্ন যমুনা পেট্রলপাম্পের কাছে রুহেল মিয়াসহ দু-তিনজন লোক ইয়াবা বিক্রি করছেন। টহলরত পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াবা বিক্রেতাদের দু-তিনজন পালিয়ে যান। এ সময় রুহেল মিয়া পালিয়ে যেতে চাইলে এসআই আবদুল মালেক তাঁকে জাঁপটে ধরেন। তখন রুহেল মিয়া চাপাতি দিয়ে এসআই মালেকের মাথার বাঁ পাশে কোপ মারেন ও উপর্যুপরি আঘাত করতে থাকেন। সঙ্গে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও এলোপাতাড়ি কোপাতে থাকেন। তখন আত্মরক্ষার্থে রুহেলকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়ে পুলিশ। আহত অবস্থায় পালিয়ে যান তিনি। পরে রাত পৌনে একটার দিকে মোস্তফাপুর এলাকার একটি ঝোপ থেকে আহত অবস্থায় পুলিশ রুহেল মিয়াকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় পুলিশ গতকাল বৃহস্পতিবার রুহেল মিয়াসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনের বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় পৃথক দুটি মামলা করেছে। পালিয়ে যাওয়ার সময় রুহেল হাতের চাপাতি, একটি ছোরা ও ১০৩টি ইয়াবা বড়ির একটি প্যাকেট ফেলে যায়।
সদর থানার এসআই আবদুল মালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর তিনজনের মধ্যে গাড়িচালক মো. বজুলল করিমকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সদস্য সালাউদ্দিন ও ফখরুল ইসলাম হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
গতকাল রাত আটটা পর্যন্ত নিহত ব্যক্তির লাশ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে ছিল। তাঁর পরিবারের কোনো সদস্যের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।