গাজীপুরে র‍্যাবের দুটি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের ভোগড়া থেকে দুই কিলোমিটার দুরে যোগীতলা গ্রামের এই অর্ধসমাপ্ত ঘর থেকেই রোববার রাতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় l ফাইল ছবি
গাজীপুরের ভোগড়া থেকে দুই কিলোমিটার দুরে যোগীতলা গ্রামের এই অর্ধসমাপ্ত ঘর থেকেই রোববার রাতে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয় l ফাইল ছবি

গাজীপুরের দক্ষিণ যোগীতলা এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ র‍্যাবের অভিযানে দুজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। তাঁদের লাশ মর্গে রয়েছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, গতকাল সোমবার রাতে র‍্যাব-১ এর পুলিশ পরিদর্শক মো. সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, নিহত দুই জঙ্গির লাশ (মঙ্গলবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাঁদের পরিচয় মেলেনি।
রোববার রাতে গাজীপুর জেলা পুলিশ ধারণা করছিল, নিহত দুজন ওই দিন দুপুরে কারামুক্ত দুই জঙ্গি। তাঁদের কাশিমপুর কারাগারের ফটক থেকে র‍্যাব আটক করে। তবে ওই দুজনকে পরে র‍্যাব ছেড়ে দিয়েছে। তাঁরা হলেন, বগুড়ার মিনহাজুল ইসলাম ও গাজীপুরের মাহবুব আলম। মাহবুবের সঙ্গে সরাসরি ও মিনহাজের বোনের সঙ্গে মুঠোফোনে কথা বলে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।
র‍্যাবের দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে র‍্যাব জানতে পারে দক্ষিণ যোগীতলায় মসজিদ সংলগ্ন পরিত্যক্ত ঘরে জঙ্গিরা নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ওই দিন রাত সাড়ে ১০টার দিকে র‍্যাব তাদের ঘেরাও করে। টের পেয়ে ওই ঘর থেকে জঙ্গিরা র‍্যাবকে লক্ষÿকরে বোমা ছোড়ে। র‍্যাব পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ওই ঘরের ভেতরে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। র‍্যাব ওই ঘরে ঢুকে দুই জঙ্গির লাশ পড়ে থাকতে দেখে। তাঁদের আশপাশে পাঁচটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, চারটি বিস্ফোরিত বোমা, ২৯টি ডেটোনেটর, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও চারটি জিহাদি বই পড়েছিল। রাতেই সেগুলো জব্দ করে র‍্যাব।
আরও জানতে পড়ুন..
গাজীপুরে নিহতদের পরিচয় মেলেনি, রিমান্ডে চট্টগ্রামের তিনজন