মোবাইল ব্যাংকিং সিস্টেম শিওর ক্যাশের কর্মকর্তাদের বিরুদ্ধে গাজীপুরের এক বিদ্যালয়ের বেতনের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এ অভিযোগে বিদ্যালয় কর্তৃপক্ষ শিওর ক্যাশের দুই কর্মকর্তাকে পুলিশে দেয়।
রানী বিলাসমনি সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা খানম বলেন, শিওর ক্যাশের সঙ্গে তাঁদের ২০১৫ সালে চুক্তি হয়। কথা ছিল, বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনসহ অন্যান্য ফি সংগ্রহ করে শিওর ক্যাশ স্থানীয় একটি ব্যাংকে বিদ্যালয়ের হিসাবে জমা দেবে। শিওর ক্যাশের টেরিটরি ম্যানেজার মো. সাজ্জাদ হোসেনসহ কয়েকজন কর্মকর্তা লিটন তালুকদার নামের এক ব্যক্তিকে টাকা সংগ্রহ করার জন্য দায়িত্ব দেন। তাঁরা তিন মাস পরপর টাকা তুলে ব্যাংকে জমা দিতেন। ব্যাংকে টাকা জমা হলে ব্যাংক থেকে মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হতো।
মাসুদা খানম বলেন, প্রতিষ্ঠানটি গত নভেম্বর মাসে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের দুই কিস্তিতে যে শিক্ষার্থীরা টাকা দেয়নি, তাদের তালিকা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বেতন দেওয়ার জন্য তাগাদা দিলে জানতে পারে, শিক্ষার্থীরা তাদের পাওনা পরিশোধ করেছে। ১৮ ও ১৯ ডিসেম্বর শিওর ক্যাশের এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলমকে টাকা জমা না পড়ার কথা জানানো হয়। ইতিমধ্যে লিটন তালুকদার তাঁদের (বিদ্যালয়কে) নগদ দুই লাখ টাকা পরিশোধ করেন।
প্রধান শিক্ষক আরও বলেন, এদিকে অক্টোবর থেকে ডিসেম্বর কিস্তির জন্য তাঁরা ব্যাংক থেকে কোনো খুদে বার্তা পাননি। বছরের শেষে হিসাব করে দেখা গেছে, শিওর ক্যাশের কাছে তাঁরা ১০ লাখ ৫৫ হাজার টাকা পান। বিষয়টি শিওর ক্যাশের প্রধান কার্যালয়ে জানানো হলে গত বৃহস্পতিবার প্রধান কার্যালয় থেকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (সেলস) শফিকুল ইসলাম বিদ্যালয়ে আসেন। পরে শিওর ক্যাশ কর্তৃপক্ষ লিটন তালুকদার ও সাজ্জাদ হোসেনকে নিয়ে শনিবার স্কুলে হাজির হয়। তাঁদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শিওর ক্যাশের ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন বলেন, গাজীপুরে ফাজ্জা ডিস্ট্রিবিউশনের সঙ্গে শিওর ক্যাশের চুক্তি হয়। লিটন তালুকদার ওই ডিস্ট্রিবিউশনে চাকরি করতেন। গত এপ্রিলে লিটন তালুকদার সেখান থেকে চাকরি ছেড়ে দেন। তারপর তিনি কোনাবাড়ী এলাকার এক এজেন্টের সিম ব্যবহার করে শিক্ষার্থীদের টাকা অবৈধভাবে লেনদেন করা শুরু করেন। শিক্ষার্থীদের টাকা তুলে নগদ পরিশোধের নিয়ম না থাকলেও লিটন স্কুল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা দেন। এসব তথ্য তাঁদের আগে জানা ছিল না। এ ছাড়া দায়িত্বে অবহেলার কারণে টেরিটরি ম্যানেজার মো. সাজ্জাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ শনিবার বাদী হয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা করে। ওই দিন রাতে জিজ্ঞাসাবাদের জন্য সাজ্জাদ হোসেন ও লিটনকে জয়দেবপুর থানায় নেওয়া হয়।