গাজীপুরে শিক্ষার্থী ও বাস শ্রমিকদের বিতণ্ডা, গাড়ি ভাঙচুর, অবরোধ
গাজীপুরে গতকাল মঙ্গলবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রদের বাসে উঠতে না দেওয়ায় পরিবহনশ্রমিকদের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। এর জেরে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন বলেন, গতকাল দুপুরের পর গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে শিক্ষার্থীরা কেপি পরিবহনের বাসে উঠতে গেলে পরিবহনশ্রমিকেরা তাঁদের বাধা দেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে শিক্ষার্থীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকেরা কয়েকজন ছাত্রকে মারধর করে ধরে নিয়ে যান। এ খবরে কলেজের ছাত্ররা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং কলেজের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
গাজীপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান উদ্দিন সরকার বলেন, কালিয়াকৈর-জয়দেবপুর রুটে চলাচলকারী কাউন্টার সার্ভিসের কেপি পরিবহনের একটি বাস পরিষ্কার করার জন্য স্থানীয় শাপলা ম্যানশনের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় কয়েকজন ছাত্র ওই বাসে ওঠেন এবং চালককে বাস ছাড়তে জোরাজুরি শুরু করেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন ছাত্ররা। একপর্যায়ে ছাত্ররা কাউন্টার বক্সটি উল্টে ফেলে দেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। একপর্যায়ে ছাত্ররা মহাসড়কে পুরোনো টায়ার ফেলে আগুন ধরিয়ে দেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
জয়দেবপুর থানার এসআই মো. শহিদুল্লাহ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।