গাজীপুরে শিশু, নরসিংদীতে যুবকের লাশ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে গতকাল সোমবার তরিকুল ইসলাম ওরফে জয় (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিনে নরসিংদী শহরের একটি নির্মাণাধীন ভবন থেকে পুলিশ নয়ন মিয়া (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।
তরিকুল ইসলাম কাপাসিয়ার শ্রীপুর গ্রামের আইয়ুবুর রহমান মোল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোরে তরিকুলের ফুফু তাকে ঘুমন্ত অবস্থায় রেখে বাড়ি থেকে কিছু দূরে তাল কুড়াতে যান। পরে ফিরে এসে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবা থেকে তরিকুলকে উদ্ধার করে আশপাশের লোকজন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যদের ধারণা, শত্রুতার জের ধরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে।
নরসিংদী শহরের সাটিরপাড়া মহল্লায় নির্মাণাধীন নরসিংদী প্লাজা ভবন থেকে গতকাল সকালে নয়ন মিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়। নয়ন সাটিরপাড়া মহল্লার আবদুল হান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও নয়নের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে নরসিংদী প্লাজার মালিকের ছোট ভাই মোখলেস মিয়া তাঁর লোক দিয়ে নয়নকে বাসা থেকে ডেকে নিয়ে যান। কিছুক্ষণ পর নরসিংদী প্লাজার কর্মচারীরা ভবনটির নিচতলায় তাঁর মরদেহ পড়ে আছে বলে পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করার পর নিহতের স্বজনেরা উত্তেজিত হয়ে নরসিংদী প্লাজার প্রশাসনিক কার্যালয় ও একটি প্রাইভেট কার ভাঙচুর করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গোয়েন্দা) মোখলেসুর রহমান ও পৌর মেয়র কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নয়নের বড় বোন শিউলী বেগম অভিযোগ করে বলেন, ‘এই প্লাজায় অনেক অনৈতিক কাজ হতো, যাতে আমার ভাই প্রায় সময় বাধা দিত। মনে হয় এ কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ধারণা করা হচ্ছে, তাঁকে পরিকল্পিতভাবে কেউ ভবন থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। হত্যার মূল কারণ এখনো বলা যাচ্ছে না। তবে মাদকসংক্রান্ত কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সন্দেহে মোখলেসসহ চারজনকে আটক করা হয়েছে।