গাজীপুরে শিশু নিখোঁজ, উদ্ধার রাজশাহীতে

গাজীপুরে গত রোববার দুপুরে নিখোঁজ হওয়া এক শিশুকে গতকাল সোমবার বিকেলে রাজশাহী থেকে উদ্ধার করেছে র্যাব। রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ওই বাড়ি থেকে এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন কেয়া বেগম (১৮) ও আমিনুল ইসলাম (২৮)। কেয়া বেগমের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপাড়া গ্রামে। তাঁর বাবার নাম দুলু মহলদার। আমিনুলের বাড়ি নগরের মতিহার থানার বুধপাড়া এলাকায়।
গতকাল বিকেল পাঁচটায় র্যাব-৫-এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলা হয়, উদ্ধার হওয়া শিশুটির নাম সাকিব। বয়স ১৯ মাস। বাবার নাম মজিবুর রহমান। মজিবুরের বাড়ি গাজীপুরের মৌচাক এলাকায়। তিনি ঝুট ব্যবসায়ী। র্যাব জানায়, মজিবুরের পাশের বাড়িতে রাজশাহী নগরের মতিহার থানার বুধপাড়া এলাকার সাইফুল ইসলাম (২৪) নামের একজন ভাড়া থাকতেন। তাঁর সঙ্গে কেয়াও থাকতেন। কেয়াকে স্ত্রী বলে পরিচয় দিতেন সাইফুল। মজিবুরের বাড়িতে নিয়মিত যাওয়া-আসা করতেন সাইফুল। তিনি সাকিবকে খুব স্নেহ করতেন।
গত রোববার দুপুরে ছাদে নিয়ে ঘোরানোর কথা বলে মজিবুরের স্ত্রীর কাছ থেকে সাকিবকে নিয়ে যান সাইফুল। কিছুক্ষণের মধ্যেই সাকিবকে নিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে সাকিবকে ফেরত দিতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সাইফুল। পরে মজিবুর রহমান কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। গতকাল দুপুরের দিকে রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরের একটি বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে র্যাব। এ সময় কেয়া বেগমকে আটক করা হয়।
র্যাব-৫-এর স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিম বলেন, বাচ্চার বাবা-মাকে খবর পাঠানো হয়েছে। তাঁরা গাজীপুর থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছেন। কেয়া বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে কেয়ার কথিত স্বামী সাইফুল পলাতক।