গাজীপুরে শ্রমিক ও পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৪০
গাজীপুর সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকায় গতকাল শুক্রবার সকালে বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এ সময় শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় পাঁচ পুলিশসহ ৪০ জন আহত হন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্র জানায়, গাজীপুর-ঢাকা সড়কের গাজীপুরের রওশন সড়ক এলাকার হাসান তানভীর ফ্যাশন ওয়্যার লিমিটেডের কারখানায় শ্রমিকদের মে মাসের বেতন পাওনা রয়েছে। কিন্তু শ্রমিকদের বেতন প্রতি মাসের ১০ তারিখে দেওয়ার কথা থাকলেও বৃহস্পতিবার কারখানা কর্তৃপক্ষ ঘোষণা দেয় ১৬ জুন মে মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। এ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা গতকাল সকাল সাড়ে আটটার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা পাশের জয়দেবপুর-ঢাকা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকেরা সড়কে ১০-১২টি যান ভাঙচুর ও কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করেন। খবর পেয়ে শিল্প ও থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের নিয়ন্ত্রণ করে। এতে কমপক্ষে ৩৫ জন শ্রমিক আহত হন। শ্রমিকদের ইটপাটকেলে পাঁচ পুলিশ আহত হন। আহত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কেউ কথা বলতে রাজি হননি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মানিক মিয়া বলেন, কারখানা কর্তৃপক্ষের ওই ঘোষণার কারণেই শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তিনি বলেন, এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে শ্রমিকদের বেতন পরিশোধের তাগিদ দেওয়া হয়েছে।