গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুর কর্মকর্তাদের অবরুদ্ধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল বুধবার কর্মকর্তাদের দিনভর অবরুদ্ধ ও বিক্ষোভ করে ভাঙচুর চালান। পুলিশ লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সিনাবহ এলাকায় একই মালিকানাধীন মিমনুন ফেব্রিকস ও শাহাদত কম্পোজিট নামের দুটি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের গত জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করা হয়। বাকি অর্ধেক বেতন ১০ আগস্ট পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতন পরিশোধ করতে অপারগতা জানায়। গতকাল সকালে শ্রমিকেরা কারখানায় এসে কর্মবিরতি শুরু করেন। পরে উত্তেজিত শ্রমিকেরা বেতনের দাবিতে কারখানার মূল ফটকে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করেন। এ সময়ে শ্রমিকেরা কারখানায় ব্যাপক ভাঙচুর চালান। খবর পেয়ে শিল্প পুলিশ বিকেল পাঁচটার দিকে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে। শ্রমিকেরা আরও উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। পরে পুলিশ কারখানার ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে শ্রমিকদের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশের লাঠিপেটায় কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। আহত শ্রমিকদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কারখানার কয়েকজন শ্রমিক জানান, গত জুলাই মাসের বেতন ৭-১০ আগস্টের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ তা করেনি। এ ছাড়া সরকার-ঘোষিত ন্যূনতম বেতন না দিয়ে শ্রমিকদের তিন হাজার ৩০০ টাকা বেতন দেওয়া হয়।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা বকুল হোসেন বলেন, কারখানার উৎপাদন কম থাকায় শ্রমিকদের বেতন ২০ আগস্ট পরিশোধ করা হবে বলে জানানো হয়। কিন্তু শ্রমিকেরা তা না মেনে বিক্ষোভ ও ভাঙচুর করেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক জাকির হোসেন জানান, কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।