গাজীপুরে সন্তান হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার
গাজীপুরের কালীগঞ্জে দেড় বছরের কন্যাশিশুকে হত্যার অভিযোগে সাদ্দাম হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাদ্দাম শিশুটির বাবা। গতকাল শনিবার শিশুটির মা রাজিয়া খাতুন কালীগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে কালীগঞ্জের নাগরী ইউনিয়নের তেরমুখ এলাকা থেকে সাদ্দামকে গ্রেপ্তার করা হয়। রাজিয়া খাতুন বলেন, বছরে তিনেক আগে পারিবারিকভাবে সাদ্দামের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের সংসারে অশান্তি লেগে ছিল। মাঝেমধ্যে স্বামী তাঁকে শারীরিক নির্যাতনও করতেন। এরই মধ্যে তাঁদের একটি কন্যাসন্তান হয়। সন্তানের নাম রাখা হয় মরিয়ম। এরপর স্বামীর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। কিন্তু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এসব মুখ বুঝে সহ্য করেন তিনি।
রাজিয়া বলেন, ১৭ জানুয়ারি বিকেলে বেড়াতে যাওয়ার কথা বলে মরিয়মকে নিয়ে বের হন সাদ্দাম। পরদিন স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে অসুস্থ অবস্থায় মরিয়মকে উদ্ধার করা হয়। পরে টঙ্গীর একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলম চাঁদ বলেন, ঘটনার পর থেকে সাদ্দাম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে গাজীপুর আদালতে হাজির করা হয়।