গাজীপুরে সহোদর দুই শিশুর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের দক্ষিণ সালনা এলাকায় সহোদর দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে একটি শিশুর লাশ উদ্ধার করেছে। অন্যজনের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।
মারা যাওয়া শিশুরা হলো ময়মনসিংহের হালুয়াঘাটের হাফানিয়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. হুমায়ুন (৭) ও মো. শাকিল (১০ মাস)। রফিকুল ইসলাম সপরিবারে দক্ষিণ সালনা এলাকার রহিম উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে রাজমিস্ত্রির কাজ করেন।
শিশুদের মামা মো. শাহজাহান বলেন, গতকাল সকালে তাঁর ভগ্নিপতি রফিকুল স্ত্রী-সন্তানদের নিয়ে পাঙাশ মাছের তরকারি দিয়ে ভাত খান। এরপর শাকিল ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর হঠাৎ করে শাকিল বমি করতে করতে অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ নিয়ে বাড়িতে গিয়ে রফিকুল দেখতে পান তাঁর আরেক ছেলে হুমায়ুন ও মেয়ে রুবিনা (১২) অসুস্থ হয়ে পড়েছে। এ সময় দুই ভাইবোনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হুমায়ুন মারা যায়। রুবিনাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাখাওয়াত হোসেন বলেন, একসঙ্গে দুই শিশুর মৃত্যুর বিষয়টি রহস্যজনক। খবর পেয়ে গতকাল সন্ধ্যায় পুলিশ দক্ষিণ সালনা এলাকা থেকে শাকিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পাঙাশ মাছ খেয়ে না অন্য কোনো কারণে শিশুরা মারা গেছে, তা
তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।