গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে জখম
গাজীপুরের টঙ্গীতে সাংবাদিক শেখ আজিজুল হককে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আজিজুল হক নয়া দিগন্ত পত্রিকার টঙ্গী প্রতিনিধি। গত বুধবার রাতে টঙ্গীর চেরাগআলী ওয়াপদা অফিসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও আহত সাংবাদিকের পরিবার সূত্র জানায়, টঙ্গী প্রেসক্লাব থেকে বুধবার রাতে আউচপাড়ার বাসায় ফেরার পথে চেরাগআলী ওয়াপদা অফিসের সামনে ওত পেতে থাকা ১০-১২ জন সন্ত্রাসী আজিজুলের পথরোধ করে। এ সময় সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তাঁর মুঠোফোন ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক মাহবুব রহমান চৌধুরী জানান, আজিজুলের শরীরে ছয়টি ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে। কাঁধ ও চোখের জখম গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ইসমাইল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, সংবাদ প্রকাশের জের ধরে আজিজুলের ওপর হামলা চালানো হয়েছে।