গাজীপুরে সাফারি পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবৈধ স্থাপনা আজ মঙ্গলবার দুপুরে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রথম আলো
গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবৈধ স্থাপনা আজ মঙ্গলবার দুপুরে উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রথম আলো

গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের অবৈধ স্থাপনা আজ মঙ্গলবার দুপুরে উচ্ছদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। দীর্ঘদিন ধরে এই জমিতে স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ করে বেদখলে রেখেছিলেন এক শ্রেণির ব্যবসায়ী।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিব প্রসাদ ভট্টাচার্য বলেন, পার্কের প্রায় ১৭ একর জমি স্থানীয় কিছু লোক অবৈধভাবে দখল করে কাঁচা-পাকা বাড়ি, দোকান-পাট নির্মাণসহ নানা অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এতে পার্কের কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা নানা সমস্যায় পড়তেন। স্থানীয়ভাবে একাধিকবার উদ্যোগ নিলেও কোনো ফল না পাওয়ায় জেলা প্রশাসনে অভিযোগ দেওয়া হয়। এ​র পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ওই জমিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম বলেন, পার্কের জমিতে অবৈধভাবে স্থাপিত অস্থায়ী ও স্থায়ী দোকান-পাট ছাড়াও পাকা-কাঁচা প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযানে শ্রীপুর থানা, জয়দেবপুর থানা-পুলিশ ছাড়াও আনসার সদস্যরা সহায়তা করেন।