গাজীপুরে সিএনজি ফিলিং স্টেশনের টাকা ছিনতাই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে সিটি করপোরেশনের নগপাড়া এলাকার সাগর-সৈকত সিএনজি ফিলিং স্টেশনের ৯ লাখ ৬৩ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও ফিলিং স্টেশনের কর্মকর্তারা জানান, গতকাল রোববার সকালে সাগর-সৈকত সিএনজি ফিলিং স্টেশনের সুপারভাইজার ইমরান হোসেন, দুই কর্মচারী শাহজাহান মিয়া ও একরাম হোসেন স্টেশনের ৯ লাখ ৬৩ হাজার ৪৩২ টাকা ব্যাগে ভরেন। এরপর তাঁরা চান্দনা চৌরাস্তায় ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য রওনা হন। তাঁরা ফিলিং স্টেশন থেকে হেঁটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হয়ে পূর্ব পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুই যুবক তাঁদের থামান। এরপর এক যুবক মোটরসাইকেলে করে সেখানে এসে দাঁড়ান। দুই যুবক ইমরান হোসেনকে মারধর করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে এক যুবক পিস্তল বের করে ইমরানের পেটে গুলি করার ভয় দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নেন।

পরে একটি ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ময়মনসিংহের দিকে পালিয়ে যান যুবকেরা।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান বলেন, বেশি পরিমাণে টাকা আনা-নেওয়ার সময় পুলিশের সহযোগিতা নেওয়ার কথা অনেক দিন ধরেই বলা হচ্ছে। কিন্তু তাঁরা কেন সহযোগিতা চাননি, তা রহস্যজনক। তবে বিষয়টি ছিনতাই কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য স্টেশনের ছয় কর্মচারীকে আটক করা হয়েছে।