গাজীপুরে সিম জালিয়াত চক্রের সদস্য গ্রেপ্তার?
সরকারি কর্মকর্তাদের মুঠোফোন নম্বর জালিয়াতি করে ফোন দিয়ে অর্থ আদায়কারী চক্রের সদস্য সন্দেহে গাজীপুর থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক পূর্বপাড়া এলাকা থেকে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তি হলেন আন্ধারমানিক পূর্বপাড়া এলাকার আবু হানিফ (২০)। তিনি এলাকায় মারিয়া টেলিকম নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন।
ডিবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তাদের মুঠোফোন নম্বর জালিয়াতির মাধ্যমে একটি প্রতারক চক্র লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। কয়েক দিন আগে গোয়েন্দা পুলিশ বরিশাল থেকে এই চক্রের সদস্য সাইদুর রহমানকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বরিশালের হিজলা থানায় মামলা হয়েছে। পরে সাইদুরের দেওয়া তথ্য অনুযায়ী গোয়েন্দা পুলিশ কালিয়াকৈর থানার পুলিশের সহায়তায় আন্ধারমানিক পূর্বপাড়া এলাকা থেকে আবু হানিফকে গ্রেপ্তার করে। এ সময় মারিয়া টেলিকম থেকে ভুয়া সিম রেজিস্ট্রেশনের কাগজপত্র, সিলসহ বিভিন্ন মাল উদ্ধার করা হয়।
বরিশাল গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) তুষার কুমার মণ্ডল বলেন, এ পর্যন্ত চক্রের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।