গাজীপুরে সেপটিক ট্যাংকে শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশনের ভবানীপুর এলাকায় গতকাল শুক্রবার সেপটিক ট্যাংক থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।
নিহত ফাতেমা আক্তার (৮) ভবানীপুর এলাকার মজিবুর রহমানের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে অন্যান্য শিশুর সঙ্গে খেলতে পাশের একটি বাড়িতে যায় ফাতেমা। পরে সে আর বাড়ি ফেরেনি। রাতেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল সকাল ১০টার দিকে প্রতিবেশী মফিজ মিয়ার বাড়ির পাশে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে লাশ দেখতে পায় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে।
ফাতেমার চাচা মো. আবুল হোসেন অভিযোগ করেন, কেউ হত্যার পর মেয়েটির লাশ গুম করতে ওই স্থানে ফেলে দিয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাঁদের কোনো ধারণা নেই।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আবদুল লতিফ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির গলায় কালো দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে কেউ তাকে হত্যা করেছে।
এসআই আবদুল লতিফ বলেন, এ ঘটনায় শিশুটির বাবা মজিবুর রহমান একটি হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে প্রতিবেশী মোশাররফ হোসেন (২১), পলাশ (২০), মফিজ দেওয়ান (৪৫), আসিয়া খাতুন (৪৫) ও মমতাজ বেগমকে (৪০) আটক করা হয়েছে।